বরিশালে বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে নালিশি মামলা করেছেন মহিলা দল নেত্রী মাকসুদা আক্তার। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য ও ছবি প্রচারের অভিযোগে এ মামলা করা হয়েছে।
মামলার অপর দুই আসামি হলেন বিএনপি কর্মী আহমেদ কবির ও মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি আশিক হাওলাদার।
গত ৩ নভেম্বর সাইবার ট্রাইব্যুনালের বিচারক শরমিন জাহান মামলার অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপারকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার বাদী মাকসুদা আক্তার বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক। তিনি একসময় আফরোজা খানম নাসরিনের রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২২ অক্টোবর বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আসামি আশিক হাওলাদার। সেখানে মাকসুদা আক্তারকে চরিত্রহীন আখ্যা দিয়ে দুই পুরুষের সঙ্গে তার ছবি সংযুক্ত করে লিফলেট তৈরি ও বিতরণ করা হয়। এ ছাড়া আশিক হাওলাদার, আফরোজা খানম নাসরিন ও আহমেদ কবির নিজেদের ফেসবুক আইডি থেকে এসব তথ্য ও ছবি প্রচার করেন বলে অভিযোগ করেছেন বাদী।
এসব কর্মকাণ্ডের কারণে সামাজিক ও মানসিকভাবে হয়রানির শিকার হয়েছেন বলে মামলায় উল্লেখ করেন মাকসুদা আক্তার।
এর আগে একই দিন বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন মাকসুদা আক্তারের স্বামী শরীফ ফিরোজ আহম্মেদ। তিনি ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।
সংবাদ সম্মেলনে ফিরোজ আহম্মেদ অভিযোগ করেন, নাসরিনের অনুসারী হয়ে রাজনীতি না করায় তাকে মারধর করা হয়েছে, জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
একই দিন পাল্টা সংবাদ সম্মেলন করেন নাসরিনের অনুসারী মনোয়ার হোসেন। সেখানে ফিরোজ আহম্মেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগ তোলা হয়। এসব পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে বরিশালের স্থানীয় বিএনপির রাজনীতিতে উত্তেজনা দেখা দেয়।
মামলার বিষয়ে আফরোজা খানম নাসরিন বলেন, তার রাজনৈতিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব করা হচ্ছে। একের পর এক সফল কর্মসূচির কারণে প্রতিপক্ষরা তাকে রাজনৈতিকভাবে আটকাতে না পেরে সংবাদ সম্মেলন ও মামলা করিয়েছে বলেও দাবি করেন তিনি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন